ময়মনসিংহে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষে বৃক্ষরোপনের বিকল্প নেই প্রতিমন্ত্রী ইকবাল

ময়মনসিংহে পরিবেশের ভারসাম্য রক্ষা,অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন।

শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ ইং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি জানান, সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এ লক্ষ্য বাস্তবায়নে নার্সারি মালিকদের এখন থেকেই উন্নতমানের চারা উৎপাদনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৪-সদর আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং পুলিশ সুপার কামরুল হাসান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।