যশোরের মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে দুপুরে বাড়ির ডোবায় মোটর ফেলে পানি সেচতে গিয়ে পানিতে নেমে বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি।

নিহত লিয়াকত গাজী মনিরামপুর উপজেলার শ্যামকুড় ময়নাবাড়ি হাইস্কুল সংলগ্ন এলাকার মুজিবর রহমানের বড় ছেলে।

নিহতের চাচাত ভাই মেহেদী হাসান বলেন, লিয়াকত ভাইয়ের বাড়িতে ছোট্ট ডোবায় হঠাৎ করে মাছ মারা যাচ্ছিল। দুপুরে মোটর দিয়ে পানি সেচে মাছ ধরতে চেয়েছিলেন তিনি। এজন্য বাড়িতে থাকা মোটর ডোবায় ফেলে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানিতে নামেন। মোটরের গোড়ায় যেতেই তিনি বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে ছিলেন।

বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিয়াকত ভাই মারা যান।