যশোরের মনিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

আগুন লেগে আনোয়ারুল ফারাজি নামে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৪ টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার মাছনা নতুন বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। আগুনে দোকানের সবকিছু পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আনোয়ারুল।
দোকানি বলছেন- শত্রুতা করে কেউ দোকানে আগুন দিয়েছে। তবে, ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত আনোয়ারুল ফারাজি বলেন- এই বাজারে সবচেয়ে বড় দোকান আমার।
গ্রামের মানুষের চাহিদার কথা ভেবে দোকানে মুদিসহ হার্ডওয়্যারের মালামাল, ইলেকট্রিক পণ্য, গ্যাস সিলিন্ডারের ব্যবসা ছিল। সাথে বিকাশ ও নগদের ব্যবসাও। বেচাকেনাও হয় খুব ভাল।
তিনি জানান- বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক সব সুইচ বন্ধ করে দোকানের শাটার টেনে বাড়ি যান। রাত পৌনে চারটার দিকে দোকানে চোর ঢোকার খবর পেয়ে বাজারে এসে দেখেন, আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। ততক্ষণে ভেতরে থাকা সব মালামাল পুড়ে শেষ যায়।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা আব্দুর রব বলেন- আগুনের খবর পেয়ে ভোর ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা ধরেছি।






























