যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতুর ওপর থেকে ভ্যান উল্টে পানিতে পড়ে তিনটি ছাগল মারা গেছে। শুক্রবার (২২ মে) দুপুর আড়াই টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারটি ছাগলকে জীবিত উদ্ধার করেন স্থানীয় জনগণ।

উদ্ধার কাজে রাজগঞ্জ বাজারের শহিদুল ইসলাম, বিপ্লব হোসেন, রাইসুল ইসলাম, উজ্জাল, ঝাঁপা গ্রামের মামুন, দিলিপসহ ব্রিজ কর্তৃপক্ষের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের দ্রুত পদক্ষেপে চারটি ছাগল প্রাণে রক্ষা পায়।

উপজেলার হানুয়ার গ্রামের ছাগল ব্যবসায়ী রিপন দাশ কোরবানির হাটে তোলার জন্য ঝাঁপা গ্রাম থেকে মোট সাতটি ছাগল ক্রয় করে রাজগঞ্জ বাজারে আনছিলেন। ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতু পার হওয়ার সময় ভ্যানটি উল্টে পানিতে পড়ে যায়।

এতে তিনটি ছাগল মারা যায়। সেতুর দুই ধারে রেলিং না থাকায় এদুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন দাশ জানান, মারা যাওয়া তিন ছাগলের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।