কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাশেম (৬১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্প সদস্যরা।

শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আবুল হাশেমের বাড়ি কুমিল্লা জেলায়।

র‍্যাব সুত্রে জানা যায়, মহাসড়কে সিএনজি তল্লাশিকালে ওই মাদক কারবারি সাধারণ যাত্রীর বেশে অবস্থান করছিলেন। সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ মাদক ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আবুল হাশেম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জ এবং এর আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।