রাঙ্গামাটি সদর সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

রাঙ্গামাটি সদর সেনা জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, পিএসসি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, সাপছড়ি যুবদল সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মো: জাহাঙ্গীরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাঙ্গামাটির সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, পিএসসি বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি, ও সম্প্রীতির ধারা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই কাজ করে আসছে। পাহাড়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যেসব মানুষ দূরত্বের কারণে সহজে উন্নত চিকিৎসাসেবা পান না, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া আমাদের অন্যতম মূল লক্ষ্য।

দিনব্যাপী পরিচালিত এই মেডিক্যাল ক্যাম্পেইনে এলাকার কয়েক শতাধিক অসহায় ও দুস্থ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।