সীমানা ঘেঁষে গভীর পুকুর খনন, ধসে পড়বে শতবর্ষী কবরস্থান

আইন লঙ্ঘন করে প্রতিবেশীদের পারিবারিক কবরস্থান ও ফসলি জমির সীমানা ঘেঁষে গভীর পুকুর খনন করার অভিযোগ উঠেছে। ফলে সেখানে ফসলি জমি ধসে পড়ার পাশপাশি ভাঙতে পারে শতবছরের পারিবারিক কবরস্থান। এ অবস্থায় আশঙ্কায় দিন কাটছে ভোক্তভোগী পরিবারের। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও এর প্রতিকার পাচ্ছেন না তারা।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামে।
প্রভাবশালী প্রতিবেশীদের বিরুদ্ধে অবৈধভাবে গভীর পুকুর খননের অভিযোগে সরেজমিন গিয়ে দেখা যায়, পরিকল্পিতভাবে ৩০থেকে ৩৫ ফুট গভীর পুকুর খননের ফলে ঝুঁকিতে পড়েছে শতবর্ষী কবরস্থান ও আশেপাশের ফসলি জমি।
বিষয়টি নিয়ে গত(২২ ফেব্রুয়ারি) রবিবার ভোক্তভোগী পরিবারের ছমেদ আলী(৮০) নামে একজন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার আগে গত শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ভেকু মেশিন আনুমানিক ৩০ থেকে ৩৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে।
সেই মাটি ট্রাক্টর দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এতে গভীর হয়ে পাশের ফসলি খেতের মাটি পড়ে যাচ্ছে। এ অবস্থায় গর্তঘেষা শত বছরের একটি কবরস্থান ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা গেছে।
ভুক্তভোগী ছমেদ আলী বলেন,এই কবরস্থানে আমার বাবা-মাসহ বাড়ির অনেক সদস্য শুয়ে আছেন। পাশেই পরিকল্পিতভাবে গভীর পুকুর খনন করার কারণ বিরোধের জের। যাতে কবরস্থান ভেঙে পুকুরে বিলীন হয়ে যায়। আমরা বাধা দিলে নানা ধরণের হুমকি দিচ্ছে। আমরা অসহায় মানুষ,কে আমাদের পাশে দাঁড়াবে!
বিধবা জাহানারা বেগম বলেন,আমার স্বামী নেই,পেটের তাগিদে সন্তানরাও দেশের বাহিরে থাকে। বাড়িতে কেউ না থাকায় প্রভাবশালী দুলাল মিয়া গংরা জোর করে গভীর পুকুর খনন করছে। এতে পুকুরঘেঁষা আমাদের ফসলি জমি ভেঙে পড়ার শঙ্কায় আছি। কিছু বললেই তারা গালমন্দ ও নানা ধরণের হুমকি প্রদান করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এবিষেয় জানতে চাইলে অভিযুক্ত দুলাল মিয়া ও তার ছেলে এখলাস উদ্দিন বাপ্পু বলেন,আমরা নিজেদের জায়গায় পুকুর খনন করছি,যত বেশি মন চায় খনন করবো তাতে আপনাদের কি আসে যায়। যা পারেন করেন গিয়ে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান বলেন, নিয়মের বাইরে গভীর পুকুর খননের সুযোগ নেই।
এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি)কাছে ফরওয়ার্ডিং করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






























