যশোরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, আহত ৭

যশোরে আইসিইউতে ভর্তি বড় ভাইকে দেখে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন। অপর দিকে আজ সকালে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইককে মাইক্রোবাসে সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিহতের বড় ভাই। তাকে দেখে মোটরসাইকেলযোগে জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দু’জন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এলাকাটি তুলনামূলক নির্জন হওয়ায় দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
চুড়মনকাটির সাজিয়ালী ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে ইব্রাহিম ও সেলিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। নিহতদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
রক্তের দাগ শুকাতে না শুকাতেই সোমবার (৩০ নভেম্বর) সকালে চৌগাছা উপজেলার কয়াপাড়া এলাকায় স্কুল-কলেজ শিক্ষার্থীবাহী একটি ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হন। সকাল ৮টার দিকে দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী, ইজিবাইকচালকসহ দুই যাত্রী রয়েছেন।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতাল ও পরে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।






























