নেত্রকোনার দুর্গাপুরে বনের কাটাগাছ মিলল প্রভাবশালীর বাড়িতে, অভিযানে জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চল থেকে চুরি করা শাল গজারিসহ বিভিন্ন প্রজাতির কাটা গাছ উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে বনের গাছ চুরির অভিযোগ থাকলেও রোববার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাছ জব্দ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রামানিক সাংবাদিকদের জানান, গভীর রাতে বনের গাছ কেটে নেওয়ার খবর বন বিভাগে পৌঁছে। পরে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার প্রমাণ পান তারা।

স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান চালিয়ে রোববার বিকেলে প্রভাবশালী ব্যক্তি মো. মিয়া হোসেনের বাড়ির ধানের খড়ের নিচে লুকিয়ে রাখা ৮১ টুকরো কাটা গাছ উদ্ধার করা হয়। যার মধ্যে শাল গজারি ছিল ১৬ টুকরো। এ ছাড়াও ৫৪ টুকরো আকাশমণি, ৯ টুকরো বদ্দিরাজ, ১ টুকরো জাম ও ১ টুকরো জলপাই গাছ।

তিনি আরও জানান, বনের ভেতরে গিয়ে ১১টি গাছ কেটে নেওয়ার আলামত পাওয়া যায়। যার মধ্যে ৬টি শাল গজারিসহ বাকিগুলো অন্যান্য প্রজাতির ছিল। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মিয়া হোসেনের বাড়িতে আলামত পাওয়া যায় এরপর সেখানে তল্লাশি চালানো হয়। পরে খড়ের নিচ থেকে এসব গাছ উদ্ধার করে জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত গাছগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি বনের উপকারভোগীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গাছ কেটে বিক্রির মূল হোতা মিয়া হোসেন। তার নেতৃত্বেই দীর্ঘদিন ধরে এই এলাকায় কাঠ চুরি চলে আসছে বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মিয়া হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। নিজ বাড়িতে গিয়েও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।