‎রংপুরের পীরগঞ্জে মিশুক চালকের মরদেহ উদ্ধার ‎

রংপুরের পীরগঞ্জে নুরুল ইসলাম নামের এক অটো মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ী বিল সংলগ্ন মাহবুব মন্ডলের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মিশুক চালক নুরুল ইসলাম (৫৫) উপজেলার চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জের হোসেনের পুত্র। শনিবার সন্ধ্যায় অটো মিশুক নিয়ে নুরুল ইসলাম রাস্তায় বের হন। তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারকে হরিণ সিং দিঘী এলাকায় যাওয়ার কথা বলেছিলেন।

রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পায়। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও নুরুল ইসলামের সন্ধান পাননি।

‎রোববার সকালে স্থানীয় লোকজন মরদেহটি সদ্য কর্তনকৃত নির্জন ধানের জমিতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটো মিশুক ছিনতাইকারীরা নুরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে মিশুকটি নিয়ে যায়।

‎পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্তে নেমেছে দ্রুতই প্রকৃত রহস্য উদ্ঘাটনের জোর প্রচেষ্টা চলছে।