যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান বিজয় দিবস উদযাপন

মহান মুক্তিযুদ্ধে অর্জিত চূড়ান্ত বিজয়ের ৫৪তম বার্ষিকীতে যশোরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোর কালেক্টরেট চত্বর থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরের মণিহার চত্বরের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানান। একই সময়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, শিক্ষা বোর্ড, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপকা নার্গিস বেগম, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শামস উল হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস্ এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসের অংশ হিসেবে বেলা ১১টায় যশোর টাউনহল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।






























