নেত্রকোনার মাঘানে স্কুল পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোনার মদনে শাওন নামে এক স্কুল পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকাল বাজারের পাশে ফসলি জমি হতে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে ও তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রোববার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি।পরে সোমবার সকালে ফসলী জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের চাচা মাহমুদুল হাসান সোহান জানান,আমার ভাতিজা গতকাল সন্ধ্যায় কদমশ্রী বিকাল বাজারে আমাদের মনোহারি দোকানে যায়। তারপর অজ্ঞাত নামা দুজন লোক আমার ভাতিজাকে আমার বাবার নিকট থেকে ডেকে হাওরের দিকে নিয়ে যায়।

তারপর রাতে আমরা অনেক খোঁজাখুজি করে কোথাও পাইনি। তবে বাজারের লোকজন বলেছে ওরা এর আগেও আসছিল। আমার ভাতিজার এক থেকে দুই বছরের বড় হবে। তাদের গ্রেফতার করলেই মূল বিষয় বের হয়ে আসবে।

মদন থানা ওসি হাসনাত জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তবে এ বিষয়ে তদন্ত চলছে, অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।