যশোরের রাজগঞ্জে থানা স্থাপনের প্রত্যয় নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হকের

যশোরের মনিরামপুরে আইনি সেবার মান বাড়াতে রাজগঞ্জে প্রস্তাবিত থানাকে বাস্তব রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ এলাকায় দলের অনুসারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেছেন। গাজী এনামুল বলেন- আল্লাহ যদি সুযোগ দেন, আমার ক্ষমতার ভেতরে যদি থাকে তাহলে মনিরামপুরের মানুষের প্রশাসনিক কষ্ট লাঘবে কাজ করবো।

রাজগঞ্জকে থানায় রূপান্তর করতে যা যা করা দরকার তাই করা হবে। রাজগঞ্জে থানা হলে চাকরি বাড়বে, অবকাঠামো উন্নয়ন হবে। রাস্তা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটের উন্নয়ন হবে। এনামুল হক বলেন- মনিরামপুরে একটি আসন ঠিক রেখে রাজগঞ্জকে থানায় রূপান্তর করতে পারলে এখানে একটি হাসপাতাল হবে। তাহলে দ্বিগুণ মানুষ সেবা পাবে।

এদিকে বিজয়ী হয়ে মনিরামপুরকে উন্নত, নিরাপদ ও চাঁদামুক্ত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন গাজী এনামুল। সেখানে তিনি মনিরামপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি সমগ্র মনিরামপুরবাসীর বিজয়।

আপনারা যে আস্থা, সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমার জন্য এক বিশাল আমানত। এই আস্থার মর্যাদা রক্ষা করা এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে গাজী এনামুল হক এক লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত উপজেলা সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন কলস প্রতীকে ৮৪ হাজার ২৭৬ ভোট পেয়েছেন।