অনেক চাঁদাবাজকে সংসদে ঢুকিয়েছেন, এদের কোনো মন্ত্রণালয় দেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে সংসদে প্রবেশ করেছেন, তাদের কোনো মন্ত্রণালয় দেওয়া উচিত নয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আগে থেকেই ঠিক করা হয়েছে কে কত আসন পাবে। এটি কর্পোরেট সিস্টেমের নির্বাচন—যার কাছে হাজার কোটি টাকা থাকবে, সে চাঁদাবাজি-সন্ত্রাস করে টাকা কামাবে, পাঁচ বছর অত্যাচার করবে, তারপর আলেম সেজে ভোট চাইবে।”

তিনি আরও বলেন, “যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে—অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন। এদের কোনো মন্ত্রণালয় দেবেন না।”

কারামুক্ত প্রবাসীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “যেসব আসনে আমরা বিজয়ী হয়েছি, সেখানে প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলা কলি ও ১১ দলীয় জোটকে ভোট দিয়েছেন। এই ঋণ আমরা শোধ করতে পারব না।”

প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংকটকালে তারা গণআন্দোলনে সমর্থন দিয়েছেন, রেমিট্যান্স বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেছেন এবং গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাদের এই অবদানের ফলে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।