পটুয়াখালীর কলাপাড়ায় আদালত চলাকালীন দুই আইনজীবির মারামারি

পটুয়াখালীর কলাপাড়ায় আদালত শুনানি চলাকালীন সময়ে দুই আইনজীবির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় উদ্ভুদ পরিস্থিতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস থেকে বেড়িয়ে যান। বুধবার বেলা বারোটার দিকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্র, আইনজীবী ও প্রত্যক্ষ বিচারপ্রার্থীরা জানান, বেলা বারোটার দিকে জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি শুরু হয়। এসময় মামলার আসামীদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবীরা। তবে বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্রগোল শুরু হয়।
একপর্যায়ে সিনিয়র আইনজীবি হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবি নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করে এজলাস থেকে বেড়িয়ে যান বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আইনজীবী জানান, মামলার শুনানি কালে হঠাৎই উত্তেজিত হয়ে বিবাদী পক্ষের আইনজীবী নাসীর মাহমুদকে চর মারেন হাফিজুর রহমান চুন্নু। পরে উত্তেজিত কন্ঠে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
আইনজীবীরা জানান পরিস্থিতি সামাল দিতে
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার উকিল সমিতিতে ছুটে আসেন। এবং হাফিজুর রহমান চুন্নুকে এই ধরনের কর্মকান্ডের জন্য বিএনপি দায়ভার নেবে না বলে হুশিয়ারী দেন। এছাড়া এর আগেও এক জুনিয়র আইনজীবীকে নিজ চেম্বারে সালিশ বৈঠক চলাকালীন মারধর করেন হাফিজুর রহমান এমন অভিযোগ করেন অনেক আইনজীবী।
এবিষয়ে কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন বলেন, আদলতে আইনজীবিদের মধ্যে হট্রগোল ও দুই আইনজীবির মধ্যে তর্কাতর্কির ঘটনার সমঝোতা হয়েছে। আমরা আইনজীবিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।






























