যশোরের রাজগঞ্জে তেল না পেয়ে ভাড়ায় মোটরসাইকেল চালক আজিবরের কর্মহীনতা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে তেল না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন ভাড়ায় মোটরসাইকেলচালক আজিবর রহমান (৫০)। প্রতিদিনের মতো রাজগঞ্জ-যশোর রোডে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।

নিয়মিতভাবে লাইনে দাড়িয়ে রাজগঞ্জ তেল পাম্প থেকে ২০০-৩০০ টাকার তেল নিয়ে দিনভর যাত্রী পরিবহন করেন। কিন্তু বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করেও তেল না পাওয়ায় চরম বিপাকে পড়েন তিনি।

আজিবর রহমান জানান, “বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম। রাত ১০টার সময় পাম্প কর্তৃপক্ষ জানাল- আজ আর তেল দেওয়া হবে না। হতাশ হয়ে বাড়ি ফেরার ছাড়া উপায় ছিল না।” তেল না পাওয়ায় শুক্রবার (১৭ এপ্রিল) তিনি মোটরসাইকেল ভাড়ায় চালাতে পারেননি। ভোর থেকে যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়ে বসে থাকলেও মোটরসাইকেলে তেল না থাকায় রাস্তায় বের হওয়া সম্ভব হয়নি।

দুঃখভরা কণ্ঠে এ প্রতিবেদককে আজিবর রহমান বলেন, “তেল না পাওয়ার কারণে আজ খাটতে পারলাম না। আয়-রোজগার হলো না। পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।” অভিযোগ করে তিনি আরও বলেন, “শুনেছি ওইদিন রাত ৩টা পর্যন্ত পাম্পে তেল দেওয়া হয়েছে। কিন্তু আমার মতো সাধারণ মানুষ তেলই পেলাম না। এটা খুব অন্যায়।”

তেল সংকটকে কেন্দ্র করে প্রতিদিন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবন চালানো বহু মানুষের দুর্ভোগ বাড়ছে। আজিবরের মতো নিত্যদিনের আয়ের ওপর নির্ভরশীল চালকদের জীবন এখন তেলের অভাবে থমকে যাচ্ছে।