যশোরের রাজগঞ্জে রডের কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া রাজমিস্ত্রী আব্দুল গফফার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৯ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ বাজারের একটি দুইতলা ভবনে রডের কাজ করার সময় অসাবধানতাবশত রডটি বিদ্যুতের লাইনে স্পর্শ করলে তিনি গুরুতর দগ্ধ হন। ঘটনাস্থলেই তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই পাঁচ দিন ধরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। এরপর মঙ্গলবার (৫ মে) আছরের নামাজের পর রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আব্দুল গফফারের মৃত্যুতে রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

……………………………………………………………………………………….

ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রাজগঞ্জ মডেল মাদ্রাসার সাবেক সভাপতি এবং ঝাঁপা বাস্তুতলা ঈদগাহ ময়দানের সভাপতি আকবর আলী (৭৬) ইন্তেকাল করেছেন। তিনি ঝিকরগাছা উপজেলার দিকদানা-খোষাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। বুধবার (৫ মে) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা বুধবার বাদ আসর ঝাঁপা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।