রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম শুকনাছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। শনিবার (৯ মে) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাজেকের মরিশ্য-দিঘিনালা সড়কের শুকনাচড়া এলাকায় কিছু সশস্ত্র সন্ত্রাসী অবস্থান নেয়। হেগেরা চাকমা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে গুলি করে।

ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা ওই এলাকায় ইউপিডিএফ (প্রসিত) গোষ্ঠীর কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিহত হেগেরা চাকমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় আছে।

এই ঘটনার পর থেকে শুকনাচড়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।