টেকনাফের জাদিমুড়া বাজারে র‌্যাবের অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫-এর অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। তবে অভিযানের সময় আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ১ জুলাই ২০২৬ রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে অবস্থানকালে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া বাজারে এডি মার্কেটে অবস্থিত মো. আলমের দোকানে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে।

সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তবে অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তির দেখানো মতে তার দোকানে তল্লাশি চালিয়ে একটি পুরোনো কাগজের কার্টনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১০ হাজার পিস এবং সাদা কাগজে মোড়ানো তিনটি প্যাকেটে ৬ হাজার পিসসহ মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আলম (৩২)। তিনি লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর বাসিন্দা।

পলাতক দুই আসামির নাম মো. রফিক (৩১) ও নুর কালাম (২৬)। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।