নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমিতে হালচাষ প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলার সন্তোসপাড়া গ্রামের মেহেরুন নেছা নামে এক বিধবার মালিকানাধীন জমিতে গভীর রাতে হালচাষ করে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বিধবা মেহেরুন নেছা বেওয়া অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি উপজেলার সন্তোসপাড়া গ্রামের মুনছুর রহমান নামে এক প্রভাবশালী ব্যক্তি লোকজন নিয়ে গভীর রাতে তার জমিতে হালচাষ করে দখলের চেষ্টা করেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনছুর রহমান বলেন, “জমিটি আমাদের বাবার ক্রয়কৃত সম্পত্তি। আমরা আমাদের নিজস্ব জমিতেই হালচাষ করেছি।”

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামত আলী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।