রাঙামাটিতে মায়ের দায়ের কোপে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু

রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জা টিলায় নেশার টাকা নিয়ে কলহের জের ধরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সাথে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে ছেলেকে দা দিয়ে কোপ দেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল পেশায় একজন সিএনজি ইসলাম অটোরিকশা চালক।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মো. জসীম উদ্দিন জানান, রাঙ্গামাটি শহরের মির্জার টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।






























