লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে।নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার শিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র আব্দুল মজিদ (৫৮) ও একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর পুত্র জহুরুল ইসলাম(৫০)।
এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরের পর হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক মোড় সংলগ্ন ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের একটি ট্রাক হাতীবান্ধা উপজেলা সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে ছেঁচড়ে বেশ কিছু দূর নিয়ে গিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পাশাপাশি শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।


















