ঠাকুরগাঁওর পীরগঞ্জে নদী ভাঙন রোধে আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতা

জনকল্যাণ ও দেশসেবার আদর্শকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের ২ নং বাজারদেহা ওয়ার্ডে নদী ভাঙন রোধ ও ভাঙন মেরামতের জরুরি কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

স্থানীয়ভাবে নদী ভাঙনের ঝুঁকি মোকাবিলায় আনসার ও ভিডিপি সদস্যরা কায়িক শ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে মেরামত কার্যক্রমে অংশ নেন। তাদের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যেও প্রশংসা দেখা গেছে।

কার্যক্রমটি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. মায়া বেগমের সার্বিক মনিটরিং ও দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশিক্ষক মো. মাহমুদ সুলতানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

নদী ভাঙন মেরামত কার্যক্রমে ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মিজানুর রহমান ও সাবেক ইউনিয়ন সহকারী কমান্ডার আব্দুল জলিল যৌথ নেতৃত্ব দেন।

তাদের নেতৃত্বে ইউনিয়নের সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা কায়িক শ্রম দিয়ে ভাঙন মেরামতের কাজে সহযোগিতা করেন।

আনসার ও ভিডিপি সদস্যরা জানান, দুর্যোগ ও সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক যেকোনো কাজে তারা সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রমে বাহিনীর সদস্যদের উদ্বুদ্ধ করা এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং জেলা কমান্ড্যান্টের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।