বগুড়ার মানবাধিকার সপ্তাহে শিবগঞ্জ সিএসও’র কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়ার শিবগঞ্জে মানবাধিকার সপ্তাহ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ সংগঠন (সিএসও)-এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার মোকামতলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ সংগঠনের নবমনোনীত সভা প্রধান রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লীশ্রীর হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, নবমনোনীত প্রচার সম্পাদক জান্নাতি খাতুন, অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন সোনাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কুইজ প্রতিযোগিতায় মানবাধিকার, নারী ও শিশু সুরক্ষা, নাগরিক অধিকার, নাগরিকের দায়িত্ব এবং সামাজিক সচেতনতা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিকুল, জুনাইরা ইয়াসমিন ও জিসান বিজয়ী হন।
আয়োজকরা জানান, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার, দায়িত্ব, ন্যায়বিচার ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।


















