পঞ্চগড়ের তেঁতুলিয়ায় লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে এইচ আর ফিলিং স্টেশন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়াই বছরের পর বছর চলছে মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের কার্যক্রম, দেখার যেন কেউ নেই। এদিকে গাড়ির জ্বালানি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ফিলিং স্টেশনে অবৈধভাবে রিফিল করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে।

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এর লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা) থেকে জানা যায়, মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের লাইসেন্স মেয়াদ গত ২০২৩ সালের ১১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার প্রায় ৩ বছর অতিবাহিত হলেও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের নজরে আসছেনা।

উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী কালান্দিগঞ্জ এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে মেসার্স এইচ আর ফিলিং স্টেশন ও মেসার্স এইচ আর এল.পি.জি অটোগ্যাস ফিলিং স্টেশনের এই শিল্প কারখানা অবস্থিত। যার মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের লাইসেন্স নম্বর ৭৭-৯০-১-১১১-০০০০২ ও পুরোন ১২৫৬।

এ বিষয়ে সরেজমিন জানতে ওই ফিলিং স্টেশনে গেলে ম্যানেজার সুজন আলী মেয়াদোত্তীর্ণের বিষয়টি স্বীকার করে বলেন, ৩বছর হল শ্রম পরিদর্শন (স্বাস্থ্য) সফিকুল ইসলাম নামে একজনকে লাইসেন্স নবায়নের জন্য হার্ড কপি দেওয়া হয়। তিনি ওই লাইসেন্সের হার্ড কপি হারিয়ে ফেললে পরবর্তীতে লাইসেন্স নবায়ন করা হয়নি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের ভিতরে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা, এইচআর ফিলিং স্টেশন ডিপোর ৪০ কিলোমিটারের বাহিরে যত কিলো অতিরিক্ত রয়েছে সেই হিসেব করেই ডিসি মহোদয়ের অনুমোদন সাপেক্ষে কেরিং খরচ সহ প্রতি লিটার ১৬৬ টাকা ১০ পয়সা নেওয়া হচ্ছে।

তিনি আরোও বলেন, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রান্নার সিলিন্ডার গ্যাস রিফিল করা নিষেধ থাকলেও জ্বালানি তেল সংকটের সময় এমন কিছু ব্যক্তি (ইউএনও, ওসি ইত্যাদি) চেয়েছিল তাদের দিতে হয়েছে। এরই ধারাবাহিকতায় মাঝে মধ্যেই রান্নার সিলিন্ডার গ্যাস রিফিল করে আসছেন।

এ বিষয়ে মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের মালিক আলহাজ¦ মো. আবু হিরন মুঠোফোনে জানান, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের ভিতরে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা তবে এর বাহিরে যত কিলোমিটার বেশি হবে এর কেরিং চার্জ নেওয়ার কথা বলা আছে। রেজুলেশনের পর ডিসির অনুমোদনের মাধ্যমেই কেরিং চার্জ নেওয়া হয়। তবে এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের নিকট বসতে চেয়েছেন।

কলকারখানার লাইসেন্স নবায়ন না করার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রায় ৪ বছর হলেন এইচ আর ফিলিং স্টেশনে পরিদর্শনে যাওয়া এক ব্যক্তিকে নবায়নের জন্য লাইসেন্সের হার্ড কপি দিয়েছিলেন সেই কাগজগুলো ওই ব্যক্তি হারিয়ে ফেলায় নবায়ন করা হয়নি। তবে ৪ বছরের নবায়ন ও জরিমানা ফি জমা সহ কয়েকদিনের মধ্যেই কলকারখানার লাইসেন্স নবায়ন করবেন জানিয়েছেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, এলপিজি গ্যাস গাড়ির সিলিন্ডারে বিক্রির বিধান দেওয়া হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারে বিক্রি আমাদের এটা বিধানে নেই এটা আমরা দিতে পারিনা, বিক্রিও করিনা। এক্ষেত্রে গাড়ির সিলিন্ডারে দিতে পারলে রান্নার গ্যাস সিলিন্ডারে কেন দেওয়া যাবেনা জ¦ালানি মন্ত্রণালয়ে একটি দরখাস্ত দেওয়া হয়েছে, তিনি আশা করেন অনুমোদন পাবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম আকাশ বলেন, ঠাকুরগাঁও থেকে এরই মধ্যে বিএসটিআই এর একটি টিম আসবে সেখানে ইন্সপেকশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছেন।