সন্তানের খাবারের জন্য নয়, নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে চুরি

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্তান ও নিজের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরির পথ বেছে নিয়েছেন।

​গ্রেফতারকৃত আব্দুল মালেক উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম (ঘাটেরপাড় মাস্টারপাড়া) এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।

​পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম সিসিটিভি ফুটেজ কালীগঞ্জ থানা পুলিশকে সরবরাহ করেন। ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

​সিসিটিভি ফুটেজ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত আব্দুল মালেক দলগ্রাম বাজারে ঘোরাফেরা করছেন। এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালেক স্বীকার করেন, ছেলে ও নিজের মাদকের খরচ মেটাতেই তিনি এ চুরি করেছেন।

​অভিযানকালে ওই দোকান থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে একটি ছাতা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।