ঝালকাঠির কাঠালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর নির্মাণ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামে কাঠালিয়া–ভান্ডারিয়া বেড়িবাঁধের পাশে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পোনা নদীর সুইচগেটের পাশে বিধান গরামি নামে এক ব্যক্তি ওই ঘর নির্মাণ করেছেন।
ঘর নির্মাণের বিষয়ে বিধান গরামির কাছে জানতে চাইলে কে তাঁকে ঘর নির্মাণের অনুমতি দিয়েছেন, তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ওই স্থানটি পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। এ বিষয়ে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসীনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাউকে ওই স্থানে ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের জমি কেউ দখল করে থাকলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






























