বগুড়ার বুড়িগঞ্জ বন্দরে সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বন্দরে সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে আয়োজিত এ ক্যাম্পেইনে পথচারী, যাত্রী ও যানবাহন চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, সংকেত অনুসরণ, নিরাপদে রাস্তা পারাপার এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নিসচার শিবগঞ্জ-মোকামতলা উপজেলা শাখার উপদেষ্টা এস এম তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি ছিলেন পঞ্চদাশ জামতলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জুয়েল ইসলাম ও সমাজসেবক প্রতীক কিশোর চাকী।
এ সময় উপস্থিত ছিলেন নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়ন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও রাইসুল ইসলাম। এ ছাড়াও শিক্ষক হাফিজুর রহমান, ময়েন উদ্দিন, আবু শাহিন ও মুক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।





















