ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদে মেরামতের কাজ করার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস দ্রুত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পাঠায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভি ও টাইমস নাউ-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাতে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরবর্তীতে জানা যায় ভবনের ভেতরে ভেতরের অংশ ভেঙে ফেলা এবং ছাদে এসি বয়লারে ঝালাইয়ের কাজ চলার সময় শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিবৃতিতে জানান, ‘নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় একটি এসি বয়লারে আকস্মিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা ঘটনার দিন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘সংসদের দিকে যাওয়ার সময়ে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে লক্ষ্য করি।’ তিনি এক্স-এ দেওয়া ওই বার্তায় ভবনটিতে অবস্থানরত সবার নিরাপত্তা এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতির আশা প্রকাশ করেন।

নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্টা প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত যেখানে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।

সূত্র: এনডিটিভি