ময়মনসিংহের গৌরীপুরে রাতে ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার, হাজতেই পেলো এইচএসসি পাসের খবর

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গভীর রাতে গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পরেই এইচএসসি পরীক্ষার পাসের খবর পেয়েছেন শাহরিয়ার ইয়াদ (২০) নামের এক তরুণ। গত শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার পূর্ব মইলাকান্দার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত শাহরিয়ার ইয়াদ উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের বেলায়েত হোসেন মনোজের ছেলে এবং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ থেকে চলতি বছর মানবিক শাখা থেকে ৩.৬৭ পয়েন্ট পেয়ে এইচএসসি পাস করেছে।

বেলায়েত হোসেন মনোজ জানান, গভীর রাতে নিজ বাড়ি থেকে পুলিশ ইয়াদকে আটক করে নিয়ে যায় এবং সকালে ফলাফল প্রকাশ হয়। হাজতখানায় থেকেই সে পাসের সংবাদ পায়।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে, যখন শ্যামগঞ্জ বাজারে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ তাৎক্ষণিক হুমায়ুন কবীর (২৫) নামে একজনকে আটক করে। হুমায়ুন কবীর তারাকান্দা উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত আবুল নছর মোল্লার ছেলে।

আটককৃত হুমায়ুন কবীরের দেওয়া তথ্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে গৌরীপুর থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতেই সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর- ২৬।
পরে অভিযান চালিয়ে পুলিশ নিজ নিজ বাড়ি থেকে আরও তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন—মইলাকান্দা গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব (২৮), সিধলা ইউনিয়নের মনাটি গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মামুন (৪২) এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা ফেরদৌস আহম্মেদ শাকিল (৪৩)।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের খবর পেয়ে প্রথমে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয় এবং তার জবানবন্দি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াদসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

তিনি আরও জানান যে, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ইয়াদের এইচএসসি পাসের বিষয়টি শুনেছেন বলেও তিনি জানান।