সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

নিহতের প্রতিবেশী শেখ ইয়াসিন জানান, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং বাবা-মায়ের প্রতি অনুশোচনার কথা লিখেছে হৃদয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।