বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও গণসমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও গণসমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (৮ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
র্যালি শেষে শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা, দলের মধ্যে ঐক্য বজায় রাখা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদলসহ উপজেলার সব ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




























