ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী গ্রামের সিকদারহাট এলাকায় সরকারি খাস জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের সরকারি খাস জমিতে অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণ করেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। সরকারি জমি অবৈধভাবে দখলের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৪/২০২৬।
মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ জারি করেন। আদালতের ওই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বল। এ সময় সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় দখল রোধে সংশ্লিষ্ট স্থানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়।
সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।






























