জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্নের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

জয়পুরহাটর পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় তারা স্বর্নের দোকানের শাটার গেটের তালা কেটে দোকানের সিন্দুক থেকে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

(৩ জানুয়ারী) শনিবার ভোর ৪ টার সময় পাঁচবিবি বাজারের ষ্টেশন রোডস্থ মন্ডল জুয়েলার্সে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা নাইট গার্ডের বরাত দিয়ে জানায়, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাস যোগে ডাকাত দল দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় তারা বাজারের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪/৫ মিনিটের ব্যবধানে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করে।

মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষ টাকা সহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।