জাতিসংঘ প্রকল্পের আওতায় নির্বাচনী রিপোর্টিং বিষয়ক নারী সাংবাদিকদের প্রশিক্ষণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকালীন সাংবাদিকতায় নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক মান জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের ব্যালট প্রকল্পের আওতায় মিডিয়া ও যোগাযোগ উন্নয়ন সংস্থা, সমষ্টি কর্তৃক আয়োজিত ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

গত ১৬ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়া আউটলেটের মোট ৪৯ জন মহিলা সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

প্রশিক্ষণে নির্বাচনী প্রতিবেদনের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে নির্বাচনী প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান; ভুল তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত ঝুঁকি মোকাবেলা এবং তথ্য যাচাইয়ের কৌশল, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, আইনি কাঠামো, সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে ধারণা প্রদান করা হয়।

ইউনেস্কোর সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা বিভাগের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ, আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেন্ড্রিফ, নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোরে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন, ইউএনডিপির লিঙ্গ বিশেষজ্ঞ তসলিমা আখতার প্রশিক্ষণ প্রদান করেন।