নওগাঁয় ৫৭০ টাকা নিয়ে সংঘর্ষে, ঘটনায় আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

নওগাঁর মহাদেবপুরে দোকানের পাওনা মাত্র ৫৭০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়ালীপাড়া শেরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়ালীপাড়া শেরপুর গ্রামের দোকানদার জামাল হোসেন পাওনা ৫৭০ টাকা চাইলে প্রতিপক্ষ সবুজ ও তাঁর ভাইদের সাথে বাগ্‌বিতণ্ডা হয়। প্রতিপক্ষের দাবি পাওনা ছিল মাত্র ১১০ টাকা। এই সামান্য টাকা নিয়ে তর্কের একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত জামাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

এছাড়া উভয় পক্ষের আরও ১৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, আহতরা হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগে এক পক্ষের বাড়িতে ঢুকে অন্য পক্ষে লোকজন ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। উভয় পক্ষের লোকজন জানান আমরা কাউরো বাড়িতে গিয়ে কোন ভাংচুর বা লুটপাট করিনি।

মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় বর্তমানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।