নেত্রকোণায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিয়োগে হাসপাতাল ভাঙচুর

২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগে তুলকালাম কান্ড ঘটেছে। চিকিৎসকদের অবহেলায় সজীব মিয়া নামের এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গতকাল রোববার রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সজীব মিয়া পেশায় পিকআপ চালক। শহরের আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে।

স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় পেটের ব্যথা নিয়ে সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক ডা. সুজন পাল যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেন। পরক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যৃ হয়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান বলেন, সজীবের মৃত্যৃ খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ক্ষোভে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের তত্বাবধায়ক বলেন, ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিকিৎসায় হাসপাতাল বা কোনো চিকিৎসকের গাফিলতি রয়েছে কিনা তার জন্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভাঙচুরের ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেছেন এই কর্মকর্তা।