নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি-বিএসএফ’র বৈঠক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নেত্রকোনা ব্যাটেলিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বিজয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৫১/০৪ এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বিজয়পুর শূন্য লাইন’ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, বিজিবি’র আহ্বানে আয়োজিত এ বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় তার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোম্পানি কমান্ডারসহ মোট পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন শিলং সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি এসএইচএস গণেশ। তার সঙ্গেও পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অবৈধ চোরাচালান প্রতিরোধ, সোমেশ্বরী নদীর তীরে রাস্তা নির্মাণকাজ পুনরায় শুরু করা এবং বিজয়পুর বিওপি’র সীমান্ত পিলার ১১৫১/২ এস সংলগ্ন এলাকায় ডিউটি শেল্টারপোস্ট নির্মাণের বিষয় গুরুত্ব পায়। এ সময় ডিউটি শেল্টারপোস্ট নির্মাণের বিষয়ে অনুমোদন দেওয়া হয়।



























