নেত্রকোনার মদনে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় থানায় মামলা, গ্রেফতার ১

নেত্রকোনার মদনে অটো গতিরোধ করে মাধ্যমিক স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করায় মেয়েটির ভাই মোহাম্মদ মনজুরুল হক বাদী হয়ে ৬ জনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে। এরই প্রেক্ষিতে পুলিশ বুধবার ভোরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী তানভির (১৩) কে নিজ বাসগৃহ থেকে গ্রেফতার করেছে।

জানা যায়, মঙ্গলবার সকালে মেয়েটি ১০ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। সকাল আনুমানিক ৯ টা ১৫ মিনিটে মগড়া নদীর ব্রিজে পৌঁছলে কয়েক বখাটে তার অটোরগতি রোধ করে অকথ্যভাষায় গালাগালি ও তাকে অটো থেকে নামানোর চেষ্টা করে।

মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির বড় ভাই বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় এই মামলাটি দায়ের করেন। এ মামলায় তানভির (১৩) কে গ্রেফতার করা হয়।

মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে জানান, মেয়েটির ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে তানভির নামের এক এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তবে সার্ভেয়ারের সমস্যা জনিত কারণে মামলাটি যথা সময়ে রুজু করা সম্ভব হচ্ছে না। তাই গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।