ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, যুবককে ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে তেল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।
দণ্ডপ্রাপ্ত মোবারকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকেও ৫০০ টাকার তেল দেওয়ার পরেও সে লাইন থেকে মোটরসাইকেল সরাচ্ছিলো না। সে আরও ৫০০ টাকার তেল দাবি করে। নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্প কর্তৃপক্ষ। এতে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি বাঁধে মোবারক হোসেনের। বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানকে অবগত করে পাম্প কর্তৃপক্ষ।খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্প গিয়ে ওই যুবকে বুঝানোর চেষ্টা করলে সে ইউএনও’র সাথেও বাকবিতণ্ডা ও অশোভন আচরণ শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এর আগেও গত ৬ এপ্রিল ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশনে তেল নিতে এসেও মোবারক নিয়মের বাইরে তেল নিতে গিয়ে পাম্প কর্তৃপক্ষ ও পাম্পে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, সরকারি বিধি মোতাবেক ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক সরকারি কর্মচারীর যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করে পাম্পে তেল গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।






























