যশোরের মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রির অভিযোগে কারাদণ্ড ও জরিমানা

যশোরের মনিরামপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি খনন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে খননকৃত মাটি বিক্রির বিরুদ্ধে দিনভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ মে) উপজেলার হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত ৫টি মোবাইল কোর্ট অভিযানে ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জনকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন ঝাঁপা ও খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে প্রথমে হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর মৌজায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি ব্যবসায়ী ও ঘের মালিক পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি এক্সকেভেটর মেশিন থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়।
পরে গোয়ালবাড়ি মৌজায় অভিযান চালিয়ে দেখা যায়, গোলাম রাব্বি (২৬) নামের এক ব্যক্তি কৃষিজমি থেকে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জানান, তাকে পূর্বেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই মৌজার গাজীপাড়া এলাকায় আরেকটি অভিযানে কৃষিজমিতে অনুমতি ছাড়াই ঘের খননের দায়ে আনারুল কবির (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাশের একটি খননাধীন ঘের থেকে পরিত্যক্ত এক্সকেভেটর মেশিনের আরও ২টি ব্যাটারি জব্দ করা হয়।
এরপর হরিহরনগর ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় সদ্য আবাদকৃত কৃষিজমি কেটে ঘের খননের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে পাওয়া না গেলেও ঘটনাস্থলে থাকা একটি এক্সকেভেটর মেশিন থেকে আরও ২টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মোট ৬টি ব্যাটারি ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জের জিম্মায় দেওয়া হয়েছে।
দিনের সর্বশেষ অভিযান পরিচালিত হয় রোহিতা ইউনিয়নের স্বরনপুর স্কুল সংলগ্ন এলাকায়। সেখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কৃষিজমি কাটার দায়ে রিপন ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসিল্যান্ড মাহির দায়ান আমিন বলেন, অবৈধভাবে কৃষিজমি কর্তন ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।






























