রাঙামাটিতে সড়ক বিভাগ পাঁচ বছরে রোপণ করবে ৪১ হাজার বৃক্ষ

পাঁচ বছরে বাংলাদেশ সরকারের ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য সামনে রেখে রাঙামাটিতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আগামী পাঁচ বছর ৪১ হাজার চারা রোপণ করা হবে। যার মধ্যে চলতি বছর এক হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাপছড়ি যৌথ খামার এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে এই কথা জানান রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল। এই কার্যক্রমের আওতায় খাগড়াছড়িতে ৪০ হাজার ও বান্দরবানে ৪০ হাজার বৃক্ষ রোপণ করা হবে।
তিনি বলেন, গাছ পরিবেশগত সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। পার্বত্যাঞ্চলের ভূমিধস ঠেকাতে গাছের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এজন্য সড়ক বিভাগের পক্ষ থেকে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের সবুজ চাকমা বলেন, জারুল, পলাশ, সোনালু, লাল সোনাইল, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সাজিনা, নিম, মনিমালা, বসন্তমঞ্জুরি, আমলকি, মান্দার, বকুল, জলপাই, আমড়া, বহেড়া, হরিতকি, ছাতিম, নাগেশ্বরত পাকুরসহ বিভিন্ন নেটিভ উদ্ভিদ রোপণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, উপ বিভাগীয় প্রকৌশলী(যান্ত্রিক)রনেল চাকমাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।






























