রাঙ্গামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মাঝে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আর এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে মোট সাড়ে ১৬শত কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (৩০ মার্চ) দুপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এইসব কথা জানান।

এসময় রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, গত ৯ মার্চ ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে প্রকল্প যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা ফেরী ঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মাণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এই সেতুটি নির্মিত হলে এটিই হবে বাংলাদেশে প্রথম ক্যাবল স্টেইট সেতু।

তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর ওপর ৫৩২ মিটার দীর্ঘ একটি কেবল-স্টেয়ড সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৪৫৫ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট এবং ৫১১ মিটার দীর্ঘ একটি এলিভেটেড রোড নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণ ব্যয় ৮৬,৮৫০.১৬ লাখ টাকা এবং এলিভেটেড সংযোগ সড়ক নির্মাণসহ অন্যান্য খরচ ২৪,২০০.২০ লাখ টাকা ধরা হয়েছে।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হলে এর নির্মাণকাজ শুরু হবে। সেতুটির নির্মাণকাজ ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০৩১ পর্যন্ত চলবে বলে অনুমান করা হয়েছে।

সড়ক ও জনপদ অধিদপ্তর রাঙ্গামাটির উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো যানবাহন ও মালামাল পরিবহনের জন্য নিরাপদ, টেকসই এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।