সবুজের বুকে ইবাদতের ঠিকানা: খালিয়া মাঠের ছোট্ট মসজিদে কৃষকদের সময়মতো নামাজ আদায়

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-হেলাঞ্চী সড়কের পাশের বিস্তীর্ণ খালিয়া মাঠের মাঝে রাস্তার ধারে সবুজ প্রকৃতির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট পাঞ্জেগানা মসজিদ। কৃষকদের কর্মব্যস্ত জীবনের মাঝেও ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ করে দিতে কয়েক বছর আগে স্থানীয় এক সমাজসেবকের উদ্যোগে নির্মিত হয় মসজিদটি।

বর্তমানে এটি মাঠে কর্মরত কৃষক, চলতি পথের পথচারী মুসল্লিদের জন্য ইবাদতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খালিয়া গ্রামের মাঠে অধিকাংশ মানুষ কৃষিকাজে ব্যস্ত থাকেন। মাঠেই দিনের বড় একটি সময় কাটে তাদের। ফলে নামাজের সময় হলে দূরের গ্রামে ফিরে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। এ অবস্থায় রাস্তার ধারে নির্মিত এই ছোট্ট মসজিদটি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, আযানের সময় হলে মাঠের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা কাজ রেখে মসজিদে এসে নামাজ আদায় করছেন। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ ধান বা সবজির পরিচর্যায় ব্যস্ত, আবার কেউ গবাদিপশু নিয়ে মাঠে রয়েছেন। নামাজের সময় হলেই মুসল্লিরা মসজিদে এসে একসঙ্গে ইবাদতে অংশ নেন।

স্থানীয় কৃষক আব্দুল গফুর বলেন, “আগে মাঠে কাজ করতে এসে নামাজ আদায় নিয়ে চিন্তায় থাকতে হতো। এখন এই মসজিদ হওয়ার পর অনেক সুবিধা হয়েছে। কাজের ফাঁকেই নামাজ পড়তে পারছি।”

আরেক কৃষক মো. আলমগীর হোসেন বলেন, “আমাদের বেশিরভাগ সময় মাঠে কাটে। নামাজের সময় গ্রামে ফিরে যাওয়া সম্ভব হয় না। এই মসজিদ থাকার কারণে আমরা সময়মতো নামাজ আদায় করতে পারছি। এটি আমাদের জন্য অনেক বড় নিয়ামত।”

স্থানীয়রা জানান, সমাজসেবামূলক চিন্তা থেকে গ্রামের এক দানশীল ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এরপর থেকে এলাকার মানুষ নিজেদের উদ্যোগে এর দেখভাল ও রক্ষণাবেক্ষণ করে আসছেন।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা খালিয়া মাঠের এই ছোট্ট মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়; বরং কৃষকদের ধর্মীয় অনুশাসন পালনের এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল। মাঠে কর্মরত মানুষের কাছে এটি যেন শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।