সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বনায়ন কর্মকর্তার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী গ্রামে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রায় দুই মাস আগে মৃত শাহেব আলী হাওলাদারের ছেলে মিজানুর রহমান রাস্তার পাশের সরকারি তিনটি চাম্পল গাছ কেটে বিক্রি করেন। তাদের ভাষ্য অনুযায়ী, গাছগুলোর নিচের প্রায় ১৫ থেকে ২০ ফুট অংশ রেখে উপরের প্রায় সম্পূর্ণ অংশ কেটে ফেলা হয়েছে।

তবে মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গাছগুলো তাঁর নিজস্ব মালিকানাধীন। তিনি নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলেও পরিচয় দেন।

অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন কাঠালিয়া উপজেলা বনায়ন কর্মকর্তা আরিফুর রহমান। তিনি নিশ্চিত করেন, গাছগুলো সরকারি। এছাড়া গাছ কাটার আগে তাঁর দপ্তর থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি বলেও জানান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।