সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুঞ্জয় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। পেশায় তিনি মৌসুমী ফল ক্রয়-বিক্রয়কারী।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সকালে মৃত্যুঞ্জয় বাছাড়সহ তার এক সহযোগী বেল পাড়ার জন্য বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। সেখানে গাছে ওঠার পর অসাবধানতাবশত তিনি পড়ে যান। পাশেই কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ পেয়ে তাঁরা ছুটে গিয়ে মৃত্যুঞ্জয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী বলেন, সকাল থেকে আমরা দুইজন এই বাগানে বেল পাড়ছিলাম। পরে মৃত্যুঞ্জয় একটি গাছে উঠে এবং আমি অন্য আরেকটি গাছে উঠে বেল পাড়তে থাকি। পড়ে যাওয়ার শব্দ ও তাঁর চিৎকার শুনে গাছ থেকে দ্রুত নেমে ছুটে যাই। গিয়ে দেখি মৃত্যুঞ্জয় মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় একজন চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। সন্ধ্যায় আত্মীয় স্বজন প্রতিবেশী ও নিকটজনদের উপস্থিতিতে ফল ব্যবসায়ী মৃত্যুঞ্জয়ের শেষকৃত্যর জন্য শ্মশানে নেয়া হয়েছে।





























