চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শ্রমিক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় মো. সাইফুল ইসলাম (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা এলাকার একটি বালুমহালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা গ্রামের আবু সুফিয়ান মিয়াজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি ড্রাম ট্রাকে বালু লোড করার পর গাড়িটি পেছনের দিকে নেওয়ার সময় সাইফুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবু সুফিয়ান মিয়াজী জানান, তাঁর ছেলে দুর্ঘটনায় মারা গেছে। তাই তিনি বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, নিহত শ্রমিকের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















