নেত্রকোণায় ধর্ষণ মামলায় পলাতক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণা সদরের এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলার আসামী পলাতক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যার-১৪।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র্যাব -১৪ একটি দল রিপন মিয়াকে গ্রেপ্তার করে।

মযমনসিংহ র্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তি ও গোযেন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মযমনসিংহের গৌরীপুর থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুল-ছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৮ জনকে আসামী করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন।ওই সময় থেকেই পুলিশের গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রিপন মিয়া।

নেত্রকোণা মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে ধর্ষণ ঘটনায় সালিস বসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকাছাড়ার সিদ্ধান্ত দেয়া হয়। এই সালিসের বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোণা মডেল থানার (তদন্ত) পরিদর্শক মিহির রঞ্জন দেব জানান, র্যাব রিপন মিয়াকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে নেত্রকোণায় আনতে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় ও মেয়েটির পরিবারের অভিযোগ, ১ অগাস্ট সন্ধ্যার দিকে বাড়ির উঠানে রান্নাকরার সময় রিপন জোর করে পাশের জঙ্গলে নিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করেন। ঘটনার সময় ছাত্রীটির বাবা ও মা দুইজনই বাড়ির বাইরে কাজে ছিলেন। ছাত্রীটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে পালিয়ে যায় রিপন।