সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরাফাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫

কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কিশোর সুকান্ত (১৫) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আরাফাত (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কৌশলে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আরাফাত (৩০) কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম সিরাজুল হক।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সমিতিপাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেলুন কর্মী কিশোর সুকান্ত (১৫) গুরুতর আহত হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর আরাফাত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।