নেত্রকোনার দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী ইউসুফ হাসান নওশাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখীলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নওশাদ ওই গ্রামের কৃষক মেহেদী হাসান রাকিবের ছোট ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, শিশু নওশাদের বাবা সকালে নিজ কাজে বের হন। ঘরে মাও ব্যস্ত কাজে। এ সময় শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। দীর্ঘ সময় পর হঠাৎ নওশাদকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার মা। পরে আশপাশের স্বজনরা খোঁজতে বের হন। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যেতে পারে সন্দেহে বাড়ির পূর্ব পাশের একটি পুকুরে নেমে খোঁজ করেন সবাই।

খোঁজাখুঁজির একপর্যায়ে চাচার পায়ে শিশুটির মরদেহ বাঁধলে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির স্বজন মিজানুর রহমান বলেন, আমি ধানক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ তাদের বাড়িতে চিৎকার শুনে যাই। গিয়ে শুনি নওশাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না।সবাই পুকুরে নেমে খুঁজতে থাকি। পরে সেখানেই পানির নিচে নওশাদকে পাই।

উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত পাই।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলাও রুজু হবে।